প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের গেজেট প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ধাপে সরকারি হওয়া ৯৬০টি প্রাথমিক বিদ্যালয়ের গেজেট দ্রুত প্রকাশ করা এবং বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ নব জাতীয়করণকৃত ও বেসরকারি শিক্ষক সমিতি। 

গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উপজেলা মিলনায়তনে এ সমাবেশ হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সদস্য জাহিদ হোসেন। এ সময় বক্তব্য দেন মো. তরিকুল ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর হোসেন, রুহুল আমিন, সুজা আহমদ, রাশেদুল ইসলামসহ অন্য নেতারা।
প্রধান আলোচক কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিন বলেন, ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের মধ্যে ৯৬০টি বিদ্যালয়ের অসম্পূর্ণ গেজেট প্রকাশ হয়েছে। পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ না হওয়ায় এই ৯৬০টি বিদ্যালয়ের শিক্ষকেরা এখনো বেতন–ভাতা পাচ্ছেন না। এ ছাড়া যাচাই–বাছাইয়ে বাদ পড়া বিদ্যালয়ের শিক্ষকেরা কোমলমতি শিশুদের সরকারি শিক্ষকদের মতোই পাঠদান করে আসছেন। কিন্তু বেতন–ভাতা না পাওয়ায় তাঁরা পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১০ লাখ রোহিঙ্গার বাসস্থান ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে পেরেছেন। এসব শিক্ষকেরও ভার তিনি নিতে পারবেন।’
সমাবেশে প্রধান অতিথি শেখ আহম্মেদ হোসেন মির্জা বলেন, এ মাসেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং এই শিক্ষকদের দাবি তাঁর কাছে তুলে ধরবেন।
সমাবেশ শেষে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া করেন তাঁরা। বিজ্ঞপ্তি।