প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার সব বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার অবহেলা ও প্রশাসনিক অব্যবস্থাপনা প্রশ্নপত্র ফাঁস হওয়ার মূল কারণ বলে শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার থেকে উপজেলার ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিরসরাই শাখার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, নিয়ম রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র অতি গোপনে ছাপাতে হবে। ছাপানোর পর বিদ্যালয় ও বিষয়ের নাম উল্লেখ করে সিলগালা করে আলাদা প্যাকেট করতে হবে। ওই প্যাকেটগুলো পরীক্ষার এক দিন আগে আটটি ক্লাস্টারে (আলাদা ইউনিট) পাঠাতে হবে। ক্লাস্টার থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিলগালা প্যাকেট সংগ্রহ করবেন। প্রতিদিন পরীক্ষার আধা ঘণ্টা আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্য একজন শিক্ষকের উপস্থিতিতে প্যাকেট খুলবেন। এরপর পরীক্ষার্থীদের মাঝে তা বণ্টন করবেন। এসব নিয়মের একটিও মানা হয়নি।
শিক্ষক ও অভিভাবকেরা জানান, শিক্ষা কর্মকর্তা সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে সংশ্লিষ্ট প্রেসে প্রশ্নপত্র প্যাকেট না করে প্রশ্ন ফাঁসের সুযোগ করে দিয়েছেন।
অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা বলেন, এটা প্রথম সাময়িক পরীক্ষা। কোনো অসুবিধা নেই।
৪১ হাজার ৫০০ পরীক্ষার্থীর পরীক্ষাকে গুরুত্ব না দেওয়া এবং প্রশাসনিক অব্যবস্থাপনা হয়েছে কি না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামীবার আর হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ থেকে শুরু হওয়া পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।