প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ৩০
একটি রিকশাকে ধাক্কা দেওয়ার জের ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অভিভাবকসহ ৩০ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার বেহাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী এবং আহত শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্যমতে, উপজেলার বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা গতকাল নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন। বেহাকৈর গ্রামের পাশের সড়ক দিয়ে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী বাসটি রাস্তার পাশের একটি রিকশাকে দেয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই এলাকার আবু জাহের, আবু তাহের, ফরহাদ মিয়া ও আবুল হোসেনের নেতৃত্বে একদল লোক কয়েকজন সন্ত্রাসীকে ডেকে আনে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাসে হামলা চালিয়ে অভিভাবকসহ ৩০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে।আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সবুজ মিয়া, আবু কায়সার, সাব্বির হোসেন, মো. শরীফ, হিমেল মিয়া, শাহীন মিয়া, চৈতি আক্তার ও শাকিল মিয়া।ঘটনার সত্যতা নিশ্চিত করে বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিকশাকে ধাক্কা দেওয়ার মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালী ব্যক্তিরা সন্ত্রাসীদের ডেকে এনে কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, হামলার ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম সাত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।অস্ত্র ও গুলি উদ্ধার: এর আগে গত মঙ্গলবার রাতে বেহাকৈর গ্রামের কবির হোসেনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন র্যাব-১১-এর সদস্যরা। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি বলেন, অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসী কবির বাড়িতে ছিল না। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।