বগুড়া সদর উপজেলায় ২০১৬ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে গত বৃহস্পতিবার অভিযোগ এবং ফল প্রত্যাখান করে ১২ এপ্রিল মানববন্ধন করেছেন বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা।
জেলা প্রশাসককে দেওয়া অভিযোগপত্রে বৃত্তির ফল পুনর্নিরীক্ষণের আবেদন জানানো হয়েছে। অভিযোগপত্রের অনুলিপি প্রথম আলোর কার্যালয়ে পাঠিয়েছেন অভিভাবকেরা। এতে ৫১ জন অভিযোগ করেছেন।
অভিযোগের অনুলিপি সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল ২০১৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। সদর উপজেলায় যারা বৃত্তি পেয়েছে, তাদের মধ্যে নেই সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুলের প্রথম সারির মেধাবী শিক্ষার্থীরা। বৃত্তি পেয়েছে পেছনের সারির অনেক শিক্ষার্থী। এদের একজন জিলা স্কুলের ৬০০৩ রোল নম্বরধারী। ওই ছাত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) ছেলে। একইভাবে বৃত্তি পেয়েছে বিদ্যালয়ের পেছনের সারির শিক্ষার্থী সদরের ইউএনও কার্যালয়ের এক কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, এবার সদর উপজেলায় ১০১ জন ট্যালেন্টপুলে ও ১৯৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে বগুড়া জিলা স্কুলের ২৮ জন ট্যালেন্টপুলে ও পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
জিলা স্কুলের কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, বিগত বছরে জিলা স্কুলের চারটি শাখার প্রথম সারির সেরা শিক্ষার্থীরা বেশি সংখ্যক বৃত্তি পেত। অথচ এবার চারটি শাখার প্রথম সারির অধিকাংশ শিক্ষার্থীই বৃত্তি পায়নি। কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, কারসাজি হয়েছে খাতায়। সেখানে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কমবেশি দেখিয়ে ফলাফল তৈরি করা হয়েছে। দুর্বল শিক্ষার্থীদের বেশি নম্বর দেখিয়ে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া নম্বর ফর্দ তৈরির সময় কম্পিউটারে কারসাজি বা নম্বর টেম্পারিংও হতে পারে। একাধিক অভিভাবক বলেন, বিষয়টির তদন্ত না হলে আইনের আশ্রয় নেবেন।
এদিকে ৫১ জন শিক্ষার্থীর রোল নম্বর উল্লেখ করে তাদের অভিভাবকেরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে ১৩ এপ্রিল আবেদন করেছেন। এর একদিন আগে ১২ এপ্রিল শহরের সাতমাথায় মানববন্ধন করেন তাঁরা।
জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উম্মে ইয়াকুত আরা ফেরদৌস বলেন, বৃত্তি পাওয়ার যোগ্য মেধাবী ছাত্ররা বৃত্তি না পাওয়ায় সন্দেহ হচ্ছে—কোথাও কিছু একটা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হবে। ডিপিইও হোসেন আলী বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ পেলে বিষয়টি তদন্ত করা হবে।’ পেছনের সারির রোল নম্বরধারী হয়েও নিজের ছেলের বৃত্তি পাওয়ার বিষয়ে ডিপিইও বলেন, ‘আমার ছেলে মেধা ও যোগ্যতা দিয়েই বৃত্তি পেয়েছে।’
জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, যেহেতু ফল জালিয়াতি অভিযোগ উঠেছে, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানোসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।