প্রাথমিক বৃত্তিতে দুর্নীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তিতে ময়মনসিংহ সদর উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কিছু অসাধু কর্মচারী পারস্পরিক যোগসাজশে কয়েকজন শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের ‘বৃত্তিবঞ্চিত’ বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক সংবাদ সম্মেলন করে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ৩০ জন অভিভাবক বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানান।
ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে এই বিদ্যালয়ের প্রভাতী শাখা থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ৪৪ জন বৃত্তি পেয়েছে। এর ৪২ জনই পেয়েছে প্রথম শ্রেণীর বৃত্তি (ট্যালেন্টপুল)। একই বিদ্যালয়ের দিবা শাখা থেকে ৬৮ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু বৃত্তি পেয়েছে মাত্র আটজন।
বিদ্যালয়ে প্রভাতী ও দিবা শাখা ভাগ করা হয় জোড়-বিজোড় রোল নম্বরের ভিত্তিতে।
বৃত্তি না পাওয়া দিবা শাখার কমপক্ষে ২৫ জন শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, দুই শাখার শিক্ষার্থীদের মধ্যে মেধার পার্থক্য না থাকলেও বৃত্তি পাওয়ার ক্ষেত্রে ব্যাপক বৈষম্য প্রথমে তাঁদের মনে সন্দেহের সৃষ্টি করে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসক বরাবর গত ২৬ ফেব্রুয়ারি একটি স্মারকলিপি পেশ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারীর ছেলে জিলা স্কুলের প্রভাতী শাখার ছাত্র ছিল। তাঁর শ্রেণী রোল নম্বর ছিল ২৯। সেই ছেলে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু দিবা শাখায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ছেলেরা সাধারণ বৃত্তিও পায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী ও বদলিজনিত কারণে অন্যত্র চলে যাওয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কিছু অসাধু কর্মচারীর সঙ্গে যোগসাজশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কয়েকজন অসাধু কর্মচারী শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেন। এরপর নম্বর ফর্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। সেখান থেকেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হয়। নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য কর্মচারীরা অভিভাবকদের কাছ থেকে জনপ্রতি পাঁচ থেকে ১০ হাজার টাকা নেন।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী বলেন, দুই শাখার শিক্ষার্থীর মেধার মধ্যে সামন্য পার্থক্য থাকলেও বৃত্তি পাওয়ার ক্ষেত্রে এত ব্যবধান হওয়াটা স্বাভাবিক নয়।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম মির্ধা বলেন, বৃত্তি নিয়ে দুর্নীতি হয়নি। কোনো কারণে দু-একটা ভুল হতে পারে। অভিযোগকারী অভিভাবকদের উত্তরপত্র দেখতে দিলে তাঁরা বিষয়টি বুঝতে পারবেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপ্রদ দে বলেন, ‘ও রকম অভিযোগ আমিও শুনেছি। তবে বৃত্তি নিয়ে কোনো দুর্নীতি হয়েছে বলে মনে হয় না।’