প্রাথমিক বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি

প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের বৃত্তিবঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, উদ্দেশ্যমূলক ও স্বজনপ্রীতির কারণে বিদ্যালয়টির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিবঞ্চিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বৃত্তিবঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। এ ছাড়া একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দেন।
মানববন্ধনে নিশরাত হাবিব নামের এক অভিভাবক প্রথম আলোকে বলেন, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর এই বিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেধা বৃত্তি পায়। গত বছরও ৩১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে, এই বছর মাত্র চারজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অথচ সরকার এই বছর থেকে দ্বিগুণ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।
বিজয়া রায় চৌধুরী নামের আরেক অভিভাবক বলেন, ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর এই বছর বৃত্তি পাওয়ার কথা। সেখানে মাত্র চারজনের বৃত্তি পাওয়া মেনে নেওয়া যায় না। এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী খুবই মেধাবী। স্বচ্ছভাবে ফল পুনর্মূল্যায়ন হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।