পুল তালিকাভুক্ত ৫২ জন শিক্ষককে নিয়োগ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ওই বিজ্ঞপ্তি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে পুল তালিকাভুক্ত ৫২ শিক্ষক গতকাল রিটটি করেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শামসুদ্দোহা তালুকদার।
শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ৪ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ জন্য অধিদপ্তর বিজ্ঞপ্তি দেয়। এই পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭০১ জনকে নিয়মিত সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উত্তীর্ণ অপর ১৫ হাজার ১৯ জনকে ভবিষ্যতে নিয়োগের জন্য পুলশিক্ষক হিসেবে তালিকাভুক্ত করা হয়। তাঁদের অপেক্ষমাণ রেখে নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ কারণে রিটটি করা হলে আদালত রুলসহ ওই আদেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল শামসুদ্দোহা তালুকদার প্রথম আলোকে বলেন, রিট আবেদনকারী ৫২ জনকে নিয়োগ না দেওয়া পর্যন্ত ১৪ সেপ্টেম্বরের ওই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।