প্রাথমিক শিক্ষকদের অনশন, মানববন্ধন
বেতন ও পদমর্যাদার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আলাদাভাবে মানববন্ধন, প্রতীক অনশন ও সমাবেশ করেছে সরকারি প্রাথমিক শিক্ষকদের তিনটি সংগঠন।
সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকদের মাত্র এক ধাপ নিচে নির্ধারণ, টাইম স্কেল বহাল রাখাসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন পালন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোট। সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত অনশন করেন শিক্ষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন শিক্ষক ঐক্যজোটের দাবির প্রতি সংহতি প্রকাশ করে তাঁদের অনশন ভাঙান।
অনশন শেষে সংগঠনের একটি প্রতিনিধিদল পুলিশের গাড়িতে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। ৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণের জন্য সময় বেঁধে দিয়ে শিক্ষকনেতারা বলেছেন, না হলে ১৩ নভেম্বর বিভাগীয় শহরে সমাবেশ ও প্রাথমিক শিক্ষা সমাপনীর সময় কালো ব্যাজ পরে থাকবেন।
প্রধান শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। একই নামে আরেকটি সংগঠন জাতীয়করণ হওয়া প্রধান শিক্ষকদের প্রথম যোগদানের তারিখ থেকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার দাবিতে শিক্ষাভবন চত্বরে সমাবেশ করে।