প্রাথমিক শিক্ষকদের অবস্থান ধর্মঘট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি সরকারীকরণের দাবিতে আজ বুধবার থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে লাগাতার অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইভাবে কাল বৃহস্পতিবারও শিক্ষকেরা অনশন কর্মসূচি পালন করবেন। এই সময়ের মধ্যে সরকার চাকরি সরকারীকরণের সুস্পষ্ট ঘোষণা না দিলে বৃহত্তর আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ’ বিক্ষোভ করে এ ঘোষণা দেয়।দুপুর একটার দিকে প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষিকা প্রেসক্লাব চত্বর থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে অগ্রসর হন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিক্ষকেরা রাস্তায় শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন এবং দিতে থাকেন বিভিন্ন স্লোগান। পরে শিক্ষকদের ১২ জন প্রতিনিধি পুলিশের গাড়িতে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে যান।শিক্ষক নেতারা বলেন, বিগত সরকারগুলো শিক্ষকদের চাকরি সরকারীকরণের ওয়াদা করেও পালন করেনি। বর্তমান সরকারও তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে না। সরকার তিনটি বাজেট প্রণয়ন করলেও শিক্ষকদের জন্য কিছুই বরাদ্দ দেয়নি। শিক্ষকেরা বলেন, এ খাতে সরকার বরাদ্দ দিতে ব্যর্থ হলে প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন হবে না। অনাহার-অর্ধাহারে বেঁচে থাকার চেয়ে শিক্ষকদের মরে যাওয়াই শ্রেয়।চাকরি সরকারীকরণসহ বিভিন্ন দাবিতে শিক্ষক প্রতিনিধিরা গত ২১ ডিসেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সরকার কিছু কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।