প্রাথমিক শিক্ষকদের বদলি বছরের প্রথম তিন মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির বিষয়ে নতুন নীতিমালা করেছে সরকার। নতুন নিয়মে শিক্ষকদের সব বদলির কাজ চলবে প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত।আগে কেবল সমন্বয় বদলি (সুষম বণ্টনের জন্য যেসব বিদ্যালয়ে পাঁচ বা এর বেশি শিক্ষক আছেন, সেখান থেকে বদলি) করা হতো ৩১ মার্চের মধ্যে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি এই নীতিমালাটি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবদুল আউয়াল মজুমদার নীতিমালার বিষয়টি নিশ্চিত করেছেন।বছরের প্রথম তিন মাস বদলির সময় নির্ধারণের কারণ জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘বদলির কাজটি বছরের শুরুতে করে ফেলতে চাই। যাতে সারা বছর বদলি নিয়ে ঝামেলামুক্ত থাকা যায়। এতে শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে করা যাবে।’নীতিমালায় বদলির জন্য চাকরির বয়স দুই বছরের বিধান রাখা হয়েছে। তবে সহকারী শিক্ষক নিয়োগ ২০০৯-এর৭(১)(খ) ধারার আওতায় মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্য কোটায় নিয়োগ পাওয়া যেসব শিক্ষক নিজ উপজেলার বাইরে অন্যত্র নিয়োগ পেয়েছেন, তাঁদের জন্য চাকরির বয়স দুই বছর পূর্তির শর্ত প্রযোজ্য হবে না। এসব শিক্ষক নিজ উপজেলা বা থানায় বদলি হতে চাইলে শূন্যপদ সাপেক্ষে বদলি করা যাবে।নতুন নীতিমালায় একই উপজেলা বা থানার মধ্যে বদলির কাজটি এখন আর সরাসরি উপজেলা শিক্ষা কর্মকর্তারা করতে পারবেন না। এখন উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা থানা সহকারী শিক্ষা কর্মকর্তার মতামত নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) বরাবর পাঠাবেন। ডিপিও প্রস্তাব অনুমোদন করলে উপজেলা শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন। আগে এ ধরনের বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তারা সরাসরি করতে পারতেন বলে জানান একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আন্ত-উপজেলা বা থানায় বদলির ক্ষেত্রে বিভাগীয় উপপরিচালকের অনুমোদন লাগবে। আন্তজেলা বদলির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন লাগবে।কোনো শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলে নতুন পদে চাকরির মেয়াদ দুই বছর না হলে আন্ত-উপজেলা, আন্তজেলা ও আন্তবিভাগে বদলির জন্য বিবেচিত হবেন না। তবে শূন্যপদ থাকলে একই উপজেলার অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন।আর যেসব বিদ্যালয়ে চারজন বা এর কম সংখ্যক শিক্ষক রয়েছেন, সেসব বিদ্যালয় থেকে প্রতিস্থাপন সাপেক্ষে কোনো শিক্ষককে বদলি করতে হলে বদলির আদেশে প্রতিস্থাপনকারী শিক্ষকের নামও দিতে হবে। আগে প্রতিস্থাপনকারী শিক্ষকদের নাম দেওয়ার নিয়ম ছিল না।শিক্ষকদের অবসর প্রস্তুতি ছুটিতে যাওয়ার আগের এক বছর পারস্পরিক বা সমন্বয় বদলি না করার নিয়ম থাকলেও এসব শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে পদ শূন্য থাকা সাপেক্ষে সুবিধাজনক স্থানে বদলি করার নিয়ম যোগ করা হয়েছে। এ ছাড়া সামান্য কিছু পরিবর্তন ছাড়া বদলির অন্য নিয়মকানুন প্রায় আগের মতোই রাখা হয়েছে।শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পৌঁছাতে হবে।