প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল সকালে শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল সকালে শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো

রাজবাড়ীতে প্রাথমিকের শিক্ষকদের বেতনবৈষম্য দূর করার দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এ দাবিতে গতকাল রোববার সকালে তাঁরা মানববন্ধন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা অংশ নেন। কর্মসূচিতে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সংহতি প্রকাশ করে।
দাবির বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, আগে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষক তাঁদের চেয়ে কনিষ্ঠ শিক্ষকদের তুলনায় এখন কম বেতন পাচ্ছেন। অথচ সরকারি বিধান অনুযায়ী, একই স্কেলে কর্মরত কোনো জ্যেষ্ঠ কর্মচারী তাঁর চেয়ে কনিষ্ঠ শিক্ষকের চেয়ে কম বেতন পাবেন না। অতীতে এই বিধান মেনে এ ধরনের বেতনের বৈষম্য নিরসন করা হয়েছে। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামো কার্যকর করার পর সমতা বিধানের সেই সুযোগ বন্ধ হয়ে গেছে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে হাবিবুর রহমান মোল্লার পাশাপাশি বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম, সহসভাপতি আঞ্জুমান আরা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিকা বিশ্বাস, কালুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা কমিটির ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
শিক্ষকনেতা নাজমুল ইমাম বলেন, এই বৈষম্যের কারণে একদিকে ভুক্তভোগী শিক্ষকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে বিষয়টি সামাজিকভাবেও অসম্মানজনক। তাই অবিলম্বে এই বৈষম্য দূর করতে হবে।
মানববন্ধন শেষে সমিতির নেতারা একই দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি যথাযথ ব্যবস্থার উদ্যোগ নেওয়ার বিষয়ে শিক্ষকদের আশ্বস্ত করেন।