প্রাথমিক শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা এক ধাপ বৃদ্ধি করে দ্বিতীয় শ্রেণী এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ও আনুষঙ্গিক কাজ শেষ করে এনেছে। এখন প্রক্রিয়াগত আরও কিছু কাজ করার পর আদেশ জারি হবে।
জনপ্রশাসন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় ৬০ হাজার প্রধান শিক্ষক মর্যাদাসহ আর্থিক সুবিধা ও সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকের আর্থিক সুবিধা বাড়বে।
বেশ কিছুদিন ধরে ঝুলিয়ে রেখে সরকারের মেয়াদের ঠিক শেষ সময়ে ও দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় এ নিয়ে কেউ কেউ প্রশ্নও তুলছেন। কারণ, যেসব শিক্ষক এই সুবিধা পাচ্ছেন, তাঁরা নির্বাচনের দায়িত্বও পালন করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রধান শিক্ষকদের পদমর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন। কিছুদিন আগে সরকারি কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দফা দফায় কথা বলেন ও দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিত করান। এর পরই এ বিষয়ে প্রক্রিয়া শুরু করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু কিছুদিন ধরে বিষয়টি ঝুলে যাওয়ায় শিক্ষকেরা আবারও সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামসহ কয়েকজনের সঙ্গে দেখাও করেন তাঁরা।
পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদনের জন্য অর্থ ও জনপ্রশাসনের কাছে প্রস্তাব পাঠায়। সব প্রক্রিয়া শেষ করে এখন বিষয়টি চূড়ান্ত পর্যায়ে এসেছে। জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছেন। এখন প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ প্রক্রিয়াগত আরও কিছু কাজ করতে হবে।
উল্লেখ্য, এ বিষয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে বলেছেন, বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, আগের ৩৭ হাজার ৬৭২টি সরকারি বিদ্যালয়ের পাশাপাশি রেজিস্টার্ড থেকে সদ্য সরকারি হওয়া প্রায় ২৩ হাজার বিদ্যালয়ের শিক্ষকেরা এই সুবিধা পাবেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদার পাশাপাশি তাঁদের বেতনও বাড়বে। অন্যদিকে সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রশিক্ষণবিহীনদের ক্ষেত্রে ৪৭০০ টাকা থেকে বেড়ে ৪৯০০ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে ৪৯০০ টাকা থেকে বেড়ে ৫২০০ টাকা হচ্ছে।