চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের ২৪৮টি পদ গত দুই-তিন বছর ধরে শূন্য। এতে দাপ্তরিক কাজ এবং পাঠদান ব্যাহত হচ্ছে।
মতলব উত্তর ও দক্ষিণ প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণে প্রধান শিক্ষকের ১১৩ পদের মধ্যে ৩৪ এবং সহকারী শিক্ষকের ৩৫০ পদের মধ্যে ২৫ পদ শূন্য। মতলব উত্তরের প্রধান শিক্ষকের ১৭৮ পদের মধ্যে ৭০ এবং সহকারী শিক্ষকের ৬১০ পদের ১১৯টি শূন্য। যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেখানে একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫ সেপ্টেম্বর মতলব উত্তরের ঠাকুরচর, বোরোচর ও উত্তর লুধুয়া এবং মতলব দক্ষিণের দূরগাঁও, চরনিলক্ষী, নাউজান, উত্তর বহরীসহ আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাসে ও মাঠে হইচই করছে। শিক্ষকসংকট থাকায় ক্লাস হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বোরোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, তাঁদের বিদ্যালয়ে প্রায় তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই। এতে বিদ্যালয়ে শিক্ষকেরা সময় ও নিয়ম মেনে বিদ্যালয়ে আসা-যাওয়া করেন না। এ কারণে ক্লাসও নিয়মিত হয় না।
মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনি আক্তার বলে, ‘আমাগো স্কুলে অনেক দিন ধইরা হেডস্যার নাই। সহকারী স্যারও কম আছে। এলিগা ক্লাস ঠিকমতো অয় না। লেহাপড়ার সমস্যা অইতাছে।’
মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জনি ও মতলব উত্তর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রধান ও সহকারী শিক্ষকদের পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিয়োগ কার্যক্রম শুরু হলে এ সমস্যা থাকবে না।