প্রাথমিক শিক্ষা আইন অপরিপক্ব: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ১৯৯০ সালের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি অপরিপক্ব। সংবিধানে শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চিৎকার করার কোনো দরকার নেই। প্রাথমিক শিক্ষা আইন সংশোধন করে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে সংবিধানে রাষ্ট্রকে যা যা করতে বলা হয়েছে, তা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
আজ মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন এবং পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। বৈঠকে সভাপতিত্ব করেন শিশু অধিকার বিষয়ক ককাসের সহসভাপতি এনামুর রহমান।
ফজলে রাব্বী মিয়া বলেন, সংবিধানে শিক্ষাকে জনগণের মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধনের আর কোনো সুযোগ নেই। সংবিধানে অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া দেশগুলোর তুলনায় শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অনেক ভালো বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল করার কথা চিন্তা করছে সরকার।
গোলটেবিল বৈঠকে সবার জন্য প্রাথমিক শিক্ষা অধিকারবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের শিক্ষা বিভাগের পরিচালক তালাৎ মাহমুদ। এতে প্রাথমিক শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিতে জনমত সৃষ্টির বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করেছে।
সংবিধান প্রণেতাদের একজন ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, সংবিধানের ১৭ অনুচ্ছেদের খ-তে বলা হয়েছে, রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের মাধ্যমে নির্ধারিত স্তর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেবে। এ জন্য সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সংগতিপূর্ণ করে প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টি করবে। এখানেই শিক্ষার মূল বিষয়টি বলা আছে। এটি বাস্তবায়ন করা ছাড়া দেশের যে অর্জন তা রক্ষা করা সম্ভব হবে না। আমির উল ইসলাম বলেন, দেশে উপযুক্ত নাগরিক সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। তাই বলা যায়, দেশের লোকসংখ্যা বেড়েছে, কিন্তু মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
রাশেদা কে চৌধূরী বলেন, কোচিং ও ভর্তি বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁস রোধে প্রস্তাবিত শিক্ষা আইনে কঠোর নির্দেশনা থাকা প্রয়োজন।
বৈঠকে সাংসদ রাজিয়া কাজল, আবুল কালাম আজাদ, হোসনে আরা লুৎফা ও শামসুল আলম, সেভ দ্য চিলড্রেনের দায়িত্বপ্রাপ্ত দেশীয় পরিচালক টিম হোয়াইট, দেশীয় উপপরিচালক শামসুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক নেতা কাজী ফারুক, জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা ব্যবস্থাপক মোহাম্মদ মহসীন প্রমুখ আলোচনায় অংশ নেন।