প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে 'ব্যাখ্যা' দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবক প্রতিনিধিদের দুই দিনের প্রশিক্ষণ দুই ঘণ্টায় শেষ করার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হযরত আলী তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহানকে ব্যাখ্যা দেওয়ার এ নির্দেশ দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, তাহিরপুরে ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে ‘বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ’ হচ্ছে। ১৭ জুন থেকে উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ শুরু হয়। বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন, পাঠদান আকর্ষণীয় করা, গুণগত মান বৃদ্ধি, স্থানীয় লোকজনকে উন্নয়নে সম্পৃক্ত করা এবং বিদ্যালয়ের বরাদ্দ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়ার কথা। এতে ১৭টি ব্যাচে মোট ৬৬৫ জন প্রশিক্ষণ নেবেন। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণের জন্য বরাদ্দ ৬৪ হাজার ১৮০ টাকা। এ পর্যন্ত ১১২টি বিদ্যালয়ের প্রশিক্ষণ শেষ হয়েছে। অংশগ্রহণকারীদের দুদিনের সম্মানী, যাতায়াত ও খাবারের ভাতা রয়েছে। একইভাবে প্রশিক্ষক, পরিদর্শনকারী কর্মকর্তাদেরও ভাতার ব্যবস্থা আছে। কিন্তু প্রশিক্ষণ শুরুর পর থেকে তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান ছাড়া আর কোনো কর্মকর্তা প্রশিক্ষণে যাননি। অংশগ্রহণকারীদের স্বাক্ষর নেওয়া শেষ হলে কর্মকর্তার সংক্ষিপ্ত বক্তব্যের পরই প্রশিক্ষণ শেষ হয়ে যায়। টানা দুই দিন এ প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টায় প্রশিক্ষণ শেষ করে অংশগ্রহণকারীদের ‘ভাতা’ দিয়ে দেওয়া হচ্ছে।
এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘দুই দিনের প্রশিক্ষণ দুই ঘণ্টায় শেষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল তাহিরপুরের ওই কর্মকর্তাকে ডেকে পাঠান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হযরত আলী।
মোহাম্মদ হযরত আলী বলেন, দুই দিনের বদলে কেন তিনি এক দিন প্রশিক্ষণের আয়োজন করলেন—এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।