প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর উপজেলায় এবারও পাসের হার কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে এবারও সর্বনিম্ন পাসের হার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনের এলাকা হাতীবান্ধা উপজেলায়। হাতীবান্ধায় এবার পাসের হার ৭৯ দশমিক ৯২ শতাংশ। গত বারের পাসের হার ছিল ৮৯ দশমিক ৫৩ শতাংশ। গতবার এই পাসের হারও জেলার মধ্যে সর্বনিম্ন ছিল।গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সদর উপজেলায় শতভাগ পাস। অন্য উপজেলার পাসের হার কালীগঞ্জে ৯৭ দশমিক ৯৫, পাটগ্রামে ৯৬ দশমিক ২৭, আদিতমারীতে ৯৫ দশমিক ৯৬ ও হাতীবান্ধায় সবচেয়ে কম ৭৯ দশমিক ৯২ শতাংশ। প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নির্বাচনী এলাকা লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা)। এর মধ্যে পাটগ্রামের ফল তুলনামূলক ভালো হলেও মন্ত্রীর নিজ উপজেলা হাতীবান্ধার ফলাফল হয়েছে খারাপ। জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘উপজেলায় ৮৩টি আনন্দ স্কুল আছে। এসব স্কুলে ঠিকমতো লেখাপড়া হয় না। গতবার ৩৩টি নতুন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল। এবার ১৪টি নতুন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এই ১৩০টি স্কুলের ফলাফল উপজেলার সার্বিক ফলাফলে প্রভাব রেখেছে।’ প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।