প্রাথমিক শিক্ষা সপ্তাহ আজ শুরু
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সপ্তাহের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সপ্তাহজুড়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। গতকাল শনিবার এ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিরক্ষরতামুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।আজ সকাল সাড়ে নয়টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে প্রাথমিক শিক্ষাপদক-২০১০ এবং এবারের প্রাথমিক সমাপনী শিক্ষা পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে।জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, সবার সম্মিলিত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নির্ধারিত জাতীয় লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করার লক্ষ্যে সরকার সবার মতামতের ভিত্তিতে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষানীতি গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।