প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো চট্টগ্রামেও প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
গতকাল বুধবার গণিত পরীক্ষার মাধ্যমে শিক্ষাজীবনের প্রথম পাবলিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হলো খুদে শিক্ষার্থীদের। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৬৬ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী।
সূত্র জানায়, এবার চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৩৩০টি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৫৫৪ জন। আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ হাজার ৮৭ জন পরীক্ষার্থী। এ ছাড়া ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছে এক হাজার ১০৮ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, ‘পরীক্ষা চলাকালে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য আধা ঘণ্টা সময় বেশি পেয়েছে। ২৫ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকায় পরীক্ষার এ সময়সীমা বাড়ানো হয়। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের নিয়ম অনুযায়ী বাড়তি ২০ মিনিট সময় দেওয়া হয়।’ পরীক্ষা চলাকালে নগরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক আবদুল মান্নান, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ নভেম্বর শেষ হবে সমাপনী পরীক্ষা।
এদিকে নির্ধারিত দিনে পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকেরা আনন্দিত। তবে চলমান রাজনৈতিক সংকট নিয়ে তাঁরা চিন্তিত। শিশুদের স্বার্থ বিবেচনা করে হরতালের মতো কঠোর কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অনেক অভিভাবক।