প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু
চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২৮ নভেম্বর।
গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ পরীক্ষা-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সময়সূচি ঠিক করা হয়েছে। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, এ দুই পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে প্রাথমিকের পরীক্ষার্থী ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ২০ হাজার ৪৫৫ জন।
পরীক্ষার সময়সূচি: প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান ও ২৮ নভেম্বর ধর্ম বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনগুলোতে ইবতেদায়ি শিক্ষা সমাপনীর বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।