প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ল
শিশুদের অসুবিধার কথা বিবেচনা করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বিষয়ের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা। এখন তা আড়াই ঘণ্টা করা হয়েছে।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলো ডটকমকে একথা জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, পরীক্ষার বিষয় নিয়ে কয়েকদিন আগে প্রথম আলোতে একটি প্রতিবেদন তৈরি হয়েছিল। এরপর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন। পরে সবাইকে নিয়ে ১ আগস্ট একটি সভা হয়। এর ভিত্তিতে আজ এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
প্রাথমিক পর্যায়ে এবার প্রতি বিষয়ে বইয়ের বাইরে থেকে ২৫ নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। কিন্তু গত প্রথম সাময়িকী ও মডেল টেস্ট পরীক্ষায় দেখা গেছে শিশুরা দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে পারে না। এটা নিয়ে শিশু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা ক্ষুব্ধ ছিলেন। এসব দিক বিবেচনা করে পরীক্ষার সময় বাড়ানো হলো। আগামী ২০ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এতে ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা।