গত ১৬ বছরে দেশের প্রাথমিক স্তরে বিদ্যালয়ে গমন-উপযোগী শিশুদের ভর্তির হার বেড়েছে, বেড়েছে প্রাথমিক শিক্ষা সমাপ্তের হার। কমেছে ঝরে পড়ার হার। শিক্ষার্থীদের শেখা ও শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাও বেড়েছে। বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি ছাত্র ও শিক্ষকের অনুপাতও কমেছে।
প্রাথমিক শিক্ষা নিয়ে করা বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ‘এডুকেশন ওয়াচ-২০১৫’ নামের এই প্রতিবেদনটি গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের গবেষক সমীর রঞ্জন নাথ। এতে ১৯৯৮ সাল থেকে করা গণসাক্ষরতা অভিযানের আগের প্রতিবেদনগুলোর সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের তুলনামূলক বিশ্লেষণও তুলে ধরা হয়। একই সঙ্গে ২০১৪ সালে করা জরিপের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ৭৪ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী সার্বিকভাবে যোগ্যতা অর্জন করেছে। বিষয়ভিত্তিক যোগ্যতাতেও আগের চেয়ে ভালো করেছে শিক্ষার্থীরা। ২০১৪ সালে গণিতে ৬৯ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী যোগ্যতা অর্জন করেছে, যা ২০০০ সালে ছিল ৪৮ শতাংশ। কঠিন বিষয় হিসেবে পরিচিত গণিতে যোগ্যতা বাড়ার হার ২১ দশমিক ২ শতাংশ। একইভাবে প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা ও ইংরেজি বিষয়ে আগের চেয়ে বেশি যোগ্যতা অর্জন করছে শিক্ষার্থীরা।
এখন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার হার বেড়েছে। ২০১৪ সালে সার্বিকভাবে এই হার দাঁড়ায় ৯২ শতাংশ, ১৯৯৮ সালে ছিল ৮৬ দশমিক ৫ শতাংশ। বর্তমানে প্রাথমিকে ঝরে পড়ার হার প্রায় ২০ শতাংশ।
নিট ভর্তির হার ১৯৯৮ সালে যেখানে ছিল ৭৭ শতাংশ, তা ২০১৩ সালে এসে দাঁড়ায় ৯৪ দশমিক ৫ শতাংশ। গবেষক সমীর রঞ্জন নাথ বলেন, এই প্রবণতা চললে ২০১৯ সালে গিয়ে শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি হবে।
সব ধরনের বিদ্যালয় মিলিয়ে ১৯৯৮ সালে ৪৮ দশমিক ৩ শতাংশ শিক্ষকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি ছিল, ২০১৪ সালে তা ৫৭ দশমিক ২ শতাংশ হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬৬ দশমিক ৯ শতাংশ শিক্ষকের যোগ্যতা স্নাতক।
নারী শিক্ষকও বাড়ছে: প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৬৩ দশমিক ৪ শতাংশ নারী শিক্ষক রয়েছেন। ১৬ বছর আগে এই হার ছিল ৩২ শতাংশ। ২০০৮ সালে যেখানে মাত্র ২ শতাংশ বিদ্যালয়ে পাঠাগার ছিল, সেখানে ২০১৪ সালে তা ১২ দশমিক ২ শতাংশে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া, খাওয়ার পানি ও শৌচাগার ব্যবস্থারও উন্নতি ঘটেছে। বর্তমানে ৪১ দশমিক ৩ শতাংশ বিদ্যালয়ে শিক্ষকসংখ্যা চার বা তার কম। বাকিগুলোতে বেশি। শিক্ষকদের উপস্থিতির হারও বেড়েছে। দেরিতে উপস্থিতির প্রবণতা বেশি দেখা গেছে সরকারি ও নতুন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত এখনো সমস্যা: প্রাথমিকে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাতে অগ্রগতি হলেও এখনো বড় সমস্যা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপাত বেশি কমেছে। ১৯৯৮ সালে ৭৩ অনুপাত ১ জন ছিল। ২০১৪ সালে এসে তা দাঁড়িয়েছে ৫২। এটি এখনো অগ্রহণযোগ্য। শিক্ষার্থী-শিক্ষক অনুপাতকে সর্বগ্রাহ্য ৩০ অনুপাত ১-এ নামিয়ে আনতে হলে অন্তত ৫০ শতাংশ শিক্ষক বাড়াতে হবে।
প্রতিবেদনে কিছু সুপারিশ করে বলা হয়, শিক্ষার গুণগত মানের ওপর জোর দিতে গিয়ে সব শিশুর শিক্ষায় প্রবেশের অধিকার ও অংশগ্রহণের বিষয়ে মনোযোগ সরিয়ে আনা যাবে না। এখনো প্রায় ৩০ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে, যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষকদের নিয়মিত ক্লাসের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কত ভাগ শিক্ষক কর্তব্যে অবহেলা করছেন, তার গবেষণা হওয়া উচিত।
গণসাক্ষরতা অভিযানের চেয়ারপারসন কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ডিএফআইডির বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের দল প্রধান ক্যারোলাইন সানারস।