প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম গতিহীন
চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০টি জেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের প্রশাসনিক কাজকর্ম গতিহীন হয়ে পড়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৩৭টি পদ ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব নির্ভর হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রেষণে দুই বছর দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-২) প্রকল্পে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনকারীদের উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে ফিরিয়ে দেওয়ায় শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক গোলাম মোস্তফা বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, কর্মকর্তাদের পাশাপাশি কর্মচারীদেরও বেশ কিছু পদ শূন্য রয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরকে বিষয়টি অবগত করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পদ পূরণ করাও হয়েছে এবং বাকি পদগুলোও অবিলম্বে পূরণ হবে বলে আশ্বাস মিলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী যশোর, কুষ্টিয়া, নড়াইল ও ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। পাশাপাশি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ১০টির মধ্যে ছয়টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৬০টি পদের মধ্যে ২৭টি শূন্য রয়েছে। চুয়াডাঙ্গা ও মাগুরা সদরসহ বেশ কয়েকটি উপজেলায় তিন বছরেরও বেশি সময় ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এ ছাড়া ৪৮টি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ৫৮২ প্রধান শিক্ষক ও ৬৪৯ সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শূন্যপদে নিচের পদের কর্মকর্তারা ভারপ্রাপ্ত, চলতি বা অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি বন্ধ রয়েছে। পাশাপাশি অধিদপ্তর বিভিন্ন প্রকল্পে সরাসরি লোকবল নিয়োগ ও পরবর্তী সময়ে আত্মীকরণের মাধ্যমে কয়েক ধাপ ওপরের পদে তাঁদের নিযুক্ত রাখছেন। এতে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। যেসব জেলা ও উপজেলায় কর্মকর্তারা পূর্ণ পদমর্যাদার নয়, সেখানে অধস্তনেরাও ঠিকমতো তাঁদের কথা শোনেন না। নীতিমালার বাইরে শিক্ষক বদলিসহ অন্যান্য প্রশাসনিক কাজে বাইরের চাপের কাছে সহজেই নতি স্বীকারে বাধ্য হন সাময়িক দায়িত্বে থাকা কর্মকর্তারা। ফলে প্রশাসনিক কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পিইডিপি-২ প্রকল্পে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি নিয়ে প্রায় দুই বছর প্রেষণ এবং সংযুক্তি আদেশে দায়িত্ব পালনের পর ৫৬ জন কর্মকর্তাকে আবার উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে ফিরিয়ে দেওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। অথচ পিইডিপি-২ প্রকল্পে নিয়োগের পর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কার্যক্রম পরিচালনা করছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের স্বপদে ফিরিয়ে দেওয়ায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও স্বপদে ফিরতে হয়েছে। একাধিক সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রায় ২০ বছর একই পদে চাকরি করে তাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন। চাকরির পর চলতি দায়িত্ব হিসেবেও উচ্চপদে দায়িত্ব পালনের সুযোগ মিলেছিল। কিন্তু দুই বছরের মাথায় স্বপদে ফিরিয়ে দেওয়ায় সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং কর্ম-প্রণোদনা বিনষ্ট হয়েছে। যথেষ্টসংখ্যক পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়মিত পদোন্নতি না দিয়ে এভাবে অতিরিক্ত বা চলতি বা ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়ে কেন আবার তা ফিরিয়ে নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়। মাঠ প্রশাসনে গতিশীলতা ফিরিয়ে আনতে নিয়মিত পদোন্নতির কোনো বিকল্প নেই।