চট্টগ্রামে দুই দিনব্যাপী শিশুশিক্ষাবিষয়ক আন্তর্জাতিক পাঠচক্র অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেছেন, শিশুশিক্ষা নিয়ে বিশ্বজুড়ে অদ্ভুত ঘটনা ঘটছে। এতে শিশুদের সৃজনশীলতা হ্রাস পাচ্ছে। আনন্দহীন শিক্ষা শিশুর বিকাশে বড় বাধা। বক্তারা প্রাথমিক শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।ফুলকির সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম এই পাঠচক্রের আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে উদ্বোধনী অধিবেশন বসে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুতোষ নাটক, শিশুর বিকাশসংক্রান্ত কর্ম-অধিবেশন, নানা দেশের শিক্ষাচিত্র, মুক্ত আলোচনা প্রভৃতির আয়োজন থাকছে।পাঠচক্রের উদ্বোধক ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শান্তিনিকেতনের পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর, চট্টগ্রামের রুশ দূতাবাসের ভারপ্রাপ্ত কনসাল ভ্লাদিমির ইগরভ ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বার্থেট। স্বাগত বক্তব্য দেন কবি-সাংবাদিক আবুল মোমেন। আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বলেন, শিক্ষার তিনটি স্তরের মধ্যে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। কিন্তু আমাদের দেশে শিক্ষার প্রতি সে রকম নজর নেই। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে যারা শিক্ষা গ্রহণ করে, তারা আদৌ প্রকৃত শিক্ষা পাচ্ছে না।’ অনুপম সেন বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় আনন্দ নেই, নেই সৃজনশীলতা। শিশুদের আমরা খেলাধুলার মাঠ দিতে পারি না। এতে শিশুদের মানসিক বিকাশ রুদ্ধ হয়।’ সুপ্রিয় ঠাকুর বলেন, ‘শিশুশিক্ষার নামে আমরা শিশুদের বধ করছি। আমরা তাদের শৈশব কেড়ে নিচ্ছি। এখানে ফুলকির মতো প্রতিষ্ঠান সৃজনশীল শিক্ষার কাজটি চালিয়ে যাচ্ছে, এটা ভালো উদ্যোগ।’ এ ছাড়া অনুষ্ঠানে চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ-উল-আলম ও শিল্পী অলোক রায় বক্তব্য দেন।