প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য দরকার পরিবার, সমাজ, সুস্থ ও প্রকৃতিসম্মত পরিবেশ। অথচ দেশে শিশুরা বেড়ে উঠছে এক অস্বাস্থ্যকর পরিবেশে। ফলে তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।
গতকাল শুক্রবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ‘শিশুশিক্ষার পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ফ্রয়বেল চাইল্ড এডুকেশন স্কুল সোসাইটি ও পবা।
বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ করে তোলার ভিত্তিমূল প্রাথমিক শিক্ষা। এই শিক্ষা গ্রহণের জন্য দেশের সব শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষার এই স্তর পরবর্তী সব স্তরে ভিত্তি সৃষ্টি করে। জাতীয় জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অত্যধিক।
বক্তারা আরও বলেন, অর্থনৈতিক, আঞ্চলিক এবং ভৌগোলিক কারণে বর্তমানে শতভাগ শিশুদের প্রাথমিক স্কুলের আওতায় আনা সম্ভব হচ্ছে না। অথচ শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দরকার। বক্তারা বলেন, শিশুর বিকাশের প্রধান স্থান তার পরিবার। পরিবারের সদস্যদের অসদাচরণ, মিথ্যাচার, দুর্নীতিপরায়ণতা, ভারসাম্যহীন ব্যবহার শিশুকে বিপথগামী করে। প্রতিবেশী ও আত্মীয়স্বজন দ্বারা শিশুরা প্রভাবিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠী ও শিক্ষক দ্বারা শিশুরা আরও বেশি প্রভাবিত হয়।
সংসদ সদস্য কাজী রোজীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান। আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ, পবার চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ বক্তব্য দেন।