প্রাথমিক শিক্ষায় শিশুকে প্রস্তুত করতে পুষ্টি নিশ্চিত করার আহ্বান
প্রাথমিক শিক্ষায় শিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক পরিবেশের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষা গ্রহণের জন্য শিশুকে প্রস্তুত করার ক্ষেত্রে এ ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষকদেরও যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এশীয় আঞ্চলিক শিক্ষাবিষয়ক আলোচনা সভায় আলোচকেরা এ কথা বলেন। চার দিনব্যাপী এ আলোচনা সভার আয়োজন করেছে অ্যাকশন এইড। সভায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কম্বোডিয়া, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামের অ্যাকশন এইড কর্মীরা অংশ গ্রহণ করেন। গত বুধবার এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বেসরকারি সংস্থা বাংলাদেশ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) নেটওয়ার্কের সভাপতি মঞ্জুর আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রফিকা আফরোজ, অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ফারাহ কবির, অ্যাকশন এইডের আন্তর্জাতিক সমন্বয়ক ভিক্টোরিন জিতরিনু প্রমুখ।