প্রাথমিক সমাপনী ও তিন পরীক্ষার ফল আজ
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। ওই দুটি পরীক্ষার সঙ্গে ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশ হচ্ছে। এই চারটি পরীক্ষায় মোট অংশ নেওয়া শিশু-কিশোরের সংখ্যা ছিল অর্ধকোটিরও বেশি।
এসব পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। এরপর সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ সময় বক্তব্য দেবেন।
অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বেলা দেড়টায় সংবাদ সম্মেলন আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় বক্তব্য দেন।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এ বছর ১ নভেম্বর ওই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর।
আর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এই দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।