প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জন করতে হচ্ছে না হাওরের ১৮ প্রতিষ্ঠানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরবেষ্টিত দুটি ইউনিয়নের ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কাছাকাছি স্থানে দুটি পরীক্ষাকেন্দ্রের দাবি প্রশাসন গতকাল রোববার মেনে নেওয়ায় তাঁরা বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। এলাকাবাসী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার রানীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দুর্গম হাওরবেষ্টিত ১৮টি বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় রৌয়াইল ও খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে কর্তৃপক্ষ তাঁদের দাবি আমলে না নেওয়ায় পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জন করবে হাওরের ১৮ প্রতিষ্ঠান’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এক সভা হয়। সভায় দাবি মোতাবেক ওই দুটি বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি জানান, দুর্গম হাওরবেষ্টিত হওয়ায় ওই ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে রৌয়াইল ও খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জগন্নাথপুরের ইউএনও আব্দুল ওয়াদুদ বলেন, ওই দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।