প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জন করবে হাওরের ১৮ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী। প্রতিষ্ঠানগুলো হাওরবেষ্টিত রানীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের।এসব প্রতিষ্ঠানের কাছাকাছি স্থানে দুটি পরীক্ষাকেন্দ্র করার দাবি উঠেছিল। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কর্তৃপক্ষের সাড়া মেলেনি। তাই পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার একমাত্র কেন্দ্রটি রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ে অবস্থিত। কেন্দ্রটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের রৌয়াইল, কামড়াখাই, জয়নগর, হিলালপুর, হরিনাকান্দি ও মেঘারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিশ্রী আপ্তাব আলী ও আলমপুর হাজি রফিক মিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়—এই আটটি প্রতিষ্ঠান থেকে ১০-১২ কিলোমিটার দূরে অবস্থিত। শিক্ষার্থীদের এই দীর্ঘ পথের কিছু অংশ নৌকায় চড়ে এবং কিছু অংশ হেঁটে যাতায়াত করে পরীক্ষা দিতে হয়। আবার কেন্দ্র এলাকার আশপাশে থাকার সুব্যবস্থা নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রৌয়াইল প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্র স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। রৌয়াইল প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়গুলোর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।অন্যদিকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের একমাত্র কেন্দ্রটি চিলাউড়া উচ্চবিদ্যালয়ে অবস্থিত। এই কেন্দ্রে এসে পরীক্ষা দিতে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কমবেশি ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বিদ্যালয় ১০টি হলো: বেতাউকা, খাগাউড়া, সালদিগা, গ্রোপাপুর, বেড়ি, বাউধরন ও স্বজনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়; গয়াসপুর ও বাউধরন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং স্বজনশ্রী কিন্ডারগার্টেন স্কুল। দীর্ঘ পথ যাতায়াতে বিড়ম্বনা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট ব্যক্তিরা খাগাউড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্র স্থাপনের আবেদন করেন।তবে দুটি ক্ষেত্রেই আবেদন করার পর দীর্ঘ সময় চলে গেলেও গতকাল অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটির নেতা, সদস্য ও শিক্ষকেরা গত বুধবার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বৈঠকে চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজলুল হক জানান, তাঁর ইউনিয়নের হাওরবেষ্টিত আটটি প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী। তবে দাবি মোতাবেক কেন্দ্র না দেওয়ায় এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া জানান, তাঁর ইউনিয়নের ১০টি প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। যাতায়াতব্যবস্থা খারাপ হওয়ায় তাঁরা খাগাউড়াতে কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছেন। বেড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুনু মিয়া বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবেই তাঁরা কেন্দ্রের দাবি তুলেছিলেন। কর্তৃপক্ষ দাবি না মানায় এখন পরীক্ষা বর্জনের পথে হাঁটতে হচ্ছে।বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকেরা মিলে ওই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এ ক্ষেত্রে করার কিছু নেই।’ জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘জেলা শিক্ষা কমিটির সভায় এ নিয়ে আমি আলোচনা করেছি। আগামীতে এ দুটি স্থানে দুটি কেন্দ্র স্থাপন করা হবে।’ তবে বিদ্যালয়গুলোর পরীক্ষা বর্জনের সিদ্ধান্তের বিষয়টি তিনি অবগত নন বলে জানান।