প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে আট সেট প্রশ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। এবার প্রথমবারের মতো দেশের ৬৪টি জেলাকে আটটি ভাগে ভাগ করে আট সেট প্রশ্নে এই পরীক্ষা নেওয়া হবে। এত দিন সারা দেশে এক সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো।
গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন। গেলবারের চেয়ে এবার ১ লাখ ৯৮ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবার ছাত্রদের চেয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন ছাত্রী বেশি।
২৯ নভেম্বর এই পরীক্ষা শেষ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার প্রথমে প্রশ্নপত্রের ৬৪ সেট পাণ্ডুলিপি করা হয়। এর মধ্যে থেকে পরে ৩২ সেটে রূপান্তর করা হয়। এরপর এই ৩২ সেট থেকে আবার আট সেট প্রশ্নপত্র নির্বাচন করা হয়। এই আট সেটের মধ্যে থেকে আবার বিষয়ভেদে প্রশ্ন ওলট-পালট করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এর ফলে কোনো জেলায় প্রশ্ন ফাঁস হলেও আগের মতো অন্যান্য জেলায় ছড়াবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকা উচিত নয়। এ বিষয়ে মন্ত্রীর অবস্থান কী? জবাবে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে বলা আছে, প্রাথমিক স্তর হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। যখন সেটা হবে, তখন এই পরীক্ষা থাকবে কি না, সেটা ভেবে দেখা হবে।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা।