প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য বোর্ড গঠনের সুপারিশ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনার জন্য আলাদা বোর্ড গঠনের সুপারিশ করেছেন কর্মকর্তারা। সেই সঙ্গে এক ও দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষা গ্রহণের সুযোগ রাখা এবং অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের পরীক্ষক করার কথাও উল্লেখ করেছেন তাঁরা। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গতকাল বুধবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাবিষয়ক এক কর্মশালায় উপস্থিত প্রাথমিক, অর্থ, শিক্ষাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসব সুপারিশ করেন।সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, কর্মশালার সুপারিশ অনুসারে পরীক্ষাসংক্রান্ত নীতিমালা ও নির্দেশাবলিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। মন্ত্রী অতীতের ত্রুটি-বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে ২০১১ সালের সমাপনী পরীক্ষা আরও সফলভাবে শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফসিউল্লাহ প্রথম আলোকে জানান, কর্মশালায় উল্লিখিত বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এসব বিষয় এই পরীক্ষার জন্য করা জাতীয় স্টিয়ারিং কমিটিতে পাঠানো হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রমুখ।