দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে বিরোধী দলের ডাকা অবরোধের কারণে আগামীকাল বুধবার অনুষ্ঠেয় প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কি না, তা আজ মঙ্গলবার জানানো হবে।
এদিকে রাজধানীর নামী মাধ্যমিক স্কুলগুলো চলমান বার্ষিক পরীক্ষার বিষয়ে গতকাল রাত পর্যন্ত আগের সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই আছে। বার্ষিক পরীক্ষা বিদ্যালয়ভিত্তিক হওয়ায় সরকার থেকে সমন্বিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের প্রতি আহ্বান জানাব সমাপনী পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে তাঁরা এ হিংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করবেন। নতুন প্রজন্মের ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করবেন। এর পরও কিছু না হলে পরীক্ষার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে।’
মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, অবরোধে পরীক্ষা চলতে পারে। এটা তো বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা। কোনো কারণে সমস্যা হলে স্কুলগুলো নিজেদের মতো ব্যবস্থা নিতে পারবে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, ‘এখনো আমরা আগের সিদ্ধান্তেই আছি।’