প্রাথমিক সমাপনী বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁস রোধের দাবিতে ছাত্র ইউনিয়ন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৬ জানুয়ারি থেকে সারা দেশে গণসংযোগ এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ, ২৮ জানুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনা, ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় কনভেনশন’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, পঞ্চম শ্রেণি শেষে পাবলিক পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরীক্ষা শিশুর মানসিক চাপ সৃষ্টি করে, যা শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। পরীক্ষায় ভালো করার জন্য খেলাধুলা-বিনোদন বাদ দিয়ে এই পড়াশোনা শিশুমনে শিক্ষার প্রতি বিরূপ প্রভাব ফেলে। এ ছাড়া এই পরীক্ষার কারণেই কোচিং সেন্টারগুলোর রমরমা ব্যবসা বাড়ছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনের সুপারিশ প্রত্যাখ্যান করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবি করা হয়।