প্রাথমিক সমাপনীতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। আগেরবার পাসের হার ছিল ৯৮ দশমিক ৫৮ শতাংশ। এবার পরীক্ষার সময় অবশ্য প্রশ্নপত্র ফাঁসের ব্যাপক অভিযোগ উঠেছিল।
মেধাবীদের মানদণ্ড হিসেবে বিবেচিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫৫০ জন কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। গত বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন।
দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়। গত ২৩ নভেম্বর শুরু হয়ে এই পরীক্ষা শেষ হয় ৩০ নভেম্বর। শুরুর দিন থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ স্বীকার করেনি।
একই দিনে মাদ্রাসাশিক্ষার পঞ্চম শ্রেণির স্তরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। ইবতেদায়িতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন।
দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকাল নয়টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন মন্ত্রী ও অধিদপ্তরের কর্মকর্তারা।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন। এর মধ্যে পাস করেছে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাসের হারের দিক দিয়ে মেয়েরা সামান্য এগিয়ে আছে। ছাত্রীদের পাসের হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ ও ছাত্রদের ৯৭ দশমিক ৮৮ শতাংশ।
গতবারের মতো এবারও সাত বিভাগের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল বিভাগ। এই বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। পিছিয়ে আছে সিলেট বিভাগ। এই বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ।
এ ছাড়া ঢাকায় ৯৮ দশমিক ২৮, রাজশাহীতে ৯৮ দশমিক শূন্য ৪, খুলনায় ৯৭ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ১৯ শতাংশ, রংপুরে ৯৭ দশমিক ৭৪।
জেলা হিসেবে ৬৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে মুন্সিগঞ্জ। এই জেলায় সব শিক্ষার্থীই পাস করেছে।
বিদ্যালয়গুলোর মধ্যে এবারও সেরা হয়েছে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ। আগের মতো দ্বিতীয় স্থানে আছে মতিঝিল থানার অধীন ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় স্থানে আছে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল।
সারা দেশে এবারও প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউট-সংলগ্ন (পিটিআই) পরীক্ষণ বিদ্যালয়ে পাসের হার সর্বোচ্চ ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের ৯৯ দশমিক ৫৬, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ দশমিক ৮৫, উচ্চবিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ দশমিক ১৫, কিন্ডারগার্টেনের ৯৯ দশমিক ১৩, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ দশমিক ৩০ এবং জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের ৯৭ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৯৪ দশমিক ৯৯, নন-রেজিস্টার্ড বিদ্যালয়ে ৯৫ দশমিক ৩৮ শতাংশ, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ১১ এবং এনজিও পরিচালিত বিদ্যালয়ে ৯৪ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাসের হারে সবচেয়ে নিচে দাতাদের টাকায় পরিচালিত আনন্দ স্কুল। এ ধরনের স্কুলে পাসের হার ৮৭ দশমিক ৫৪ শতাংশ। এবার সারা দেশের ২২টি উপজেলায় পাসের হার শতভাগ।