ভাষা হচ্ছে শিক্ষার ভিত। তাই প্রাথমিক স্তরে ভাষা শিক্ষা খুব জরুরি। আর শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।‘প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষা: প্রেক্ষিত এবং মানোন্নয়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা একথা বলেন। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘রুম টু রিড’ এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন, এ দেশে ভাষার চর্চা সঠিকভাবে হয় না। প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষে বরাদ্দকৃত সময়ও কম। ভাষা শিক্ষা যেহেতু অন্য সবকিছুর মাধ্যম, তাই ভাষা শিক্ষাকে, বিশেষ করে মাতৃভাষা শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে ভাষা শিক্ষা না হলে শিক্ষার লক্ষ্য অর্জন কঠিন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন শিক্ষাক্রম পরিমার্জনের কথা উল্লেখ করে বলেন, শিক্ষাক্রম পর্যালোচনায় বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা ২৮টি সমস্যা তুলে ধরেছেন। এই অনুষ্ঠানের সুপারিশগুলোও শিক্ষাক্রম পরিমার্জন কমিটির কাছে তুলে ধরা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনেসকোর প্রতিনিধি ওয়াসু কিচি। এতে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিদ্দিকুর রহমান, রুম টু রিডের বাংলাদেশের পরিচালক জাকী হাসান প্রমুখ। বক্তারা শিশুবান্ধব শিক্ষাক্রম ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষা ও ভাষা শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। একটি উপস্থাপন করেন এনসিটিবির কর্মকর্তা মুরশিদ আক্তার এবং অন্যটি করেন রুম টু রিডের প্রধান কর্মসূচি কর্মকর্তা ধীর জিংরান।