প্রাথমিক স্তরে সৃজনশীল পদ্ধতি চালুর চিন্তাভাবনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্তরে সৃজনশীল পদ্ধতি চালুর চিন্তাভাবনা করছে সরকার। আগামী বছর জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন শুরু হলে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সৃজনশীল পদ্ধতি চালু করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গতকাল বুধবার এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন। অভিভাবক সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা-ব্যবস্থার সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক ওই সভার আয়োজন করে।মোতাহার হোসেন বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার মুখস্থ বিদ্যা বন্ধ করতে চায়। কারণ মুখস্থ পদ্ধতিতে প্রকৃত মেধাবী তৈরি করা যায় না। সভার পর প্রাথমিক স্তরে সৃজনশীল পদ্ধতি কেমন হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী প্রথম আলোকে জানান, মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি নিয়ে একটি রূপরেখা তৈরি করবেন। তিনি আরও জানান, আগামী বছর থেকেই সৃজনশীল পদ্ধতি চালুর চিন্তাভাবনা চলছে। মতবিনিময় সভায় অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, শিক্ষার উন্নয়ন করতে হলে মেধা ও যোগ্যতার দাম দিতে হবে। কিন্তু আমাদের সমাজে মেধার চেয়ে দলীয় আনুগত্যের দাম বেশি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘মুখস্থনির্ভর শিক্ষাপদ্ধতি আমাদের সর্বনাশের মূল কারণ। এখন সৃজনশীল পদ্ধতি নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’অনুষ্ঠানে গবেষক, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক পর্যায়ক্রমে সৃজনশীল পদ্ধতি চালুর পক্ষে মত প্রকাশ করেন।সভায় সাংসদ শাহ আলম, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, বুয়েটের অধ্যাপক আমিনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সালমা আখতার, অধ্যাপক ছিদ্দিকুর রহমান, হোসনে আরা বেগম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম, সত্যব্রত রায় প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মো. এ তালেব। আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক নীপা সুলতানা অনুষ্ঠানে সংগঠনের বক্তব্য তুলে ধরেন।