প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক ছাপা তদারকি করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্তরের জন্য মানসম্মত পাঠ্যপুস্তক ছাপার বিষয়টি তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আগের বছর নিম্নমানের বই ছাপানোর কারণে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের বই সরবরাহ করার সুপারিশ করেছে।
কমিটি বলেছে, ২০১৫ সালে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে, তার কাগজ ও ছাপার মান ছিল নিম্নমানের। ২০১৬ সালের পাঠ্যপুস্তক যাতে আরও উন্নত হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে লক্ষ রাখতে হবে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক স্তরে নিম্নমানের বই যাতে না ছাপা হয় তা তদারকির জন্য কমিটির সদস্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়াকে সদস্য করে একটি উপকমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়া উপস্থিত ছিলেন।