প্রাথমিক স্বাস্থ্যসেবার সেরা মডেল কমিউনিটি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার নানা মডেল আছে। কিন্তু সেরা মডেল হিসেবে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক স্বীকৃতি পেয়েছে। কমিউনিটি ক্লিনিকের কর্মকাণ্ডের প্রচার ব্যাপকভাবে হওয়া দরকার।

গতকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে কমিউনিটি ক্লিনিকের কর্মকাণ্ডের ব্র্যান্ডিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্প ও ক্রিয়েটিভ মিডিয়া লি. যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, কমিউনিটি ক্লিনিকে কোনো রাজনৈতিক পোস্টার সাঁটানো যাবে না। এ ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, চিকিৎসক হৃদয়বান না হলে, নার্স মমতাময়ী না হলে শুধু হাসপাতাল ভবন দিয়ে উন্নত সেবা দেওয়া যাবে না।

সনাতন ও ডিজিটাল মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের কাজ কীভাবে প্রচার করা হবে, সে বিষয়ে ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে উপস্থাপনা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্রিয়েটিভ মিডিয়াকে স্বচ্ছতার ভিত্তিতে কাজ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ মিডিয়ার প্রচারণা দলের প্রধান ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হক, ক্রিয়েটিভ মিডিয়ার চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির প্রমুখ বক্তব্য দেন।