প্রাথমিকভাবে চার ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে ঢাকায় ৩২ দশমিক ৫ কিলোমিটার উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে প্রাথমিকভাবে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে বাংলাদেশ সেতু বিভাগ। আজ মঙ্গলবার ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়টি সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এ ছাড়া জমি অধিগ্রহণ, বিভিন্ন সেবা সংস্থার লাইন ও স্থাপনা স্থানান্তর, পরামর্শক প্রতিষ্ঠানের ফি, প্রকল্প জনবলের বেতনসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য প্রাথমিকভাবে দুই হাজার ৫০০ কোটি টাকা সেতু বিভাগের অনুকূলে বরাদ্দের জন্যও মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য বৈঠকে প্রস্তাব করা হবে। কমিটি অনুমোদন করলে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হবে। এই উড়ালসড়ক সরকারি-বেসরকারি অংশীদারিমূলক প্রকল্প (পিপিপি) হিসেবে বাস্তবায়িত হবে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, উড়ালসড়ক প্রকল্পটি আজ অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে। তিনি প্রথম আলোকে গতকাল সোমবার রাতে বলেন, ২০০৯-১০ অর্থবছরে পিপিপি খাতে সরকারের কাছে দুই হাজার ৫০০ কোটি টাকা পড়ে আছে। এই অর্থ সেতু বিভাগে বরাদ্দ করলে কাজে লাগবে।প্রাথমিকভাবে নির্বাচিত (প্রাক-যোগ্য) চারটি প্রতিষ্ঠান হচ্ছে—থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, সিকদার রিয়েল এস্টেট-কেসিসি (বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া দুটি প্রতিষ্ঠান যৌথভাবে), গ্যামন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড-বয়েজাজ ট্রাভু পাবলিকস এসএ কনসোর্টিয়াম (ভারত-ফ্রান্স যৌথভাবে) এবং চীনা রেলওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড। উড়ালপথ নির্মাণে চূড়ান্ত দরপত্রে এই চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অবশ্য প্রাক-যোগ্যতা যাচাই দরপত্রে নয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে দুটি প্রতিষ্ঠান বাদ পড়ে। বাকি তিনটি বাদ পড়ে বিস্তারিত মূল্যায়নের পর। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি মূল্যায়ন করে। সেতু বিভাগের একটি সূত্র জানায়, উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের সবরকম সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্পের জন্য প্রাথমিক ঠিকাদার নির্বাচন করা হয়েছে। এটা প্রকল্পের ক্ষেত্রে সমালোচনার জন্ম দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সেতু বিভাগ সম্প্রতি প্রাক-যোগ্যতা যাচাইয়ের দরপত্র আহ্বানের পর এইকম অস্ট্রেলিয়া প্রোপাইটরি লিমিটেডকে চার কোটি টাকায় পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। চূড়ান্ত দরপত্রের জন্য প্রয়োজনীয় দলিলাদি তৈরি করবে পরামর্শক প্রতিষ্ঠান। এই কাজে অন্তত তিন মাস লাগতে পারে। এরপরই দরপত্র আহ্বান করা হবে। সেতু বিভাগের অপর একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত অনেকটা ‘আন্দাজের’ ওপর ভিত্তি করে সরকার এ প্রকল্পের কাজে এগিয়ে যাচ্ছে। সাধারণত, এ ধরনের বড় প্রকল্পে প্রথমে সম্ভাব্যতা যাচাই করা হয়। এটা হয়নি বলে প্রকল্পের জন্য কীভাবে জমি পাওয়া যাবে, তা ঠিক হয়নি। কাজ শুরু হলে গ্যাস, টেলিফোন, বিদ্যুৎ, পানিসহ জরুরি সুবিধা কীভাবে বজায় রাখা হবে; নির্মাণকালীন সময়ে ঢাকা শহরের লাখ লাখ পরিবহন কীভাবে চলাচল করবে—এসব প্রশ্নের সুরাহা হয়নি। কিংবা কত বছর পর ঠিকদারিপ্রতিষ্ঠান উড়ালপথ সরকারকে বুঝিয়ে দেবে, টোল কত হবে—এসব প্রশ্নের মীমাংসা হয়নি। ঢাকায় প্রস্তাবিত এই উড়ালপথ চার লেনবিশিষ্ট হবে। টোলের বিনিময়ে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে হবে। সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভূমি দেবে। ঠিকাদার নিজের অর্থে তা নির্মাণ করবে। চুক্তি মোতাবেক একটি নির্দিষ্ট সময়ের পর সরকারের কাছে মালিকানা হস্তান্তর করবে। এই প্রকল্পে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে সরকার ঘোষণা দিয়েছে। গত বছর জুন মাসেও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উড়ালসড়ক প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তখন কমিটি এটিকে বেসরকারি অবকাঠামো প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ দেয়। এরপর যোগাযোগ মন্ত্রণালয় থেকে এই প্রকল্পটি বেসরকারি বিনিয়োগ নির্দেশিকার বিভিন্ন ধাপ অনুসরণ করা থেকে অব্যাহতি চাওয়া হলে মন্ত্রিসভা কমিটি অনুমোদন করে। যোগাযোগ মন্ত্রণালয় তখন বলেছিল বেসরকারি বিনিয়োগ নির্দেশিকা মানা হলে প্রকল্প বাস্তবায়নে দেরি হবে।