সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সারা দেশে নাম নিবন্ধন ও প্রাথমিক লটারি শেষ হয়েছে। সারা দেশে নাম নিবন্ধন করা মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জনের মধ্যে লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৩৬ হাজার ৩৮ জন। এঁদের মধ্য থেকে আজ বুধবার প্রথম দফায় সাড়ে ১১ হাজার জন নির্বাচিত হবেন।১৩ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সারা দেশে এই নিবন্ধন শুরু হয়। শেষ হয় ২১ জানুয়ারি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই নিবন্ধন সম্পন্ন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে সারা দেশের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোতে এই নিবন্ধন হয়। প্রতি বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে মালয়েশিয়ায় কারা যাবেন, প্রাথমিকভাবে তাঁদের নির্বাচিত করা হয়।আইআইসিটির পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, আজ মন্ত্রণালয়ে প্রথম দফায় ১০ হাজার কর্মী নির্বাচনের জন্য লটারি হবে। এ জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ হাজার ৩৮ জনের মধ্যে লটারির মাধ্যমে সাড়ে ১১ হাজার জনকে নির্বাচিত করা হবে। আইআইসিটি সূত্র জানায়, নাম নিবন্ধন করা ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৫৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৬৮৯ জন, খুলনা বিভাগে তিন হাজার ৮৪৯ জন, রাজশাহী বিভাগে চার হাজার ৬৮২ জন, বরিশাল বিভাগে দুই হাজার ৫৪৫ জন, সিলেট বিভাগে দুই হাজার ৬১৬ জন এবং রংপুর বিভাগে চার হাজার ১০১ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।