প্রাথমিকে এক দিনে তিন পালায় পরীক্ষা শিক্ষকদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে অনুষ্ঠেয় কিশোরগঞ্জের ১ হাজার ২৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ, ৫ থেকে ১০ মিনিটের বিরতি দিয়ে তিন পালায় পরীক্ষা নিতে গিয়ে শিক্ষকদের ভোগান্তি পোহাতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জের ১৩ উপজেলা সব বিদ্যালয়ে একযোগে একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সব বিদ্যালয়ে সময়সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই সময়সূচিতে এক দিন তিন পালায় পরীক্ষা হবে বলে উল্লেখ করা হয়েছে।
ওই সময়সূচি অনুযায়ী প্রথম পালায় পরীক্ষা শুরু হবে সকাল সোয়া নয়টায়। চলবে সোয়া ১১টা পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় শ্রেণি প্রথম পালায় পরীক্ষা দেবে। পাঁচ মিনিটের বিরতি দিয়ে দ্বিতীয় পালার পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১টা ২০ মিনিটে। এই পালায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। দ্বিতীয় পালার পরীক্ষা শেষ হওয়ার পর দুপুরের খাওয়ার বিরতি রাখা হয়েছে ১০ মিনিট। তৃতীয় পালায় পঞ্চম শ্রেণির পরীক্ষা বেলা দেড়টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে চারটায়।
অনেক শিক্ষক এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে একদিনে দুই পালায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষকদের যুক্তি হলো, সকাল সোয়া নয়টা থেকে পরীক্ষা শুরু হলে অন্তত ১৫ মিনিট আগে সকাল নয়টার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হবে। আর বিকেল সাড়ে চারটায় শেষ হলে সবকিছু গুছিয়ে পাঁচটার আগে বাড়ি ফেরা সম্ভব নয়। টানা আট ঘণ্টা দায়িত্ব পালনের সময় দুই দফায় বিরতি মাত্র ১৫ মিনিট। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য সময় রাখা হয়েছে মাত্র ১০ মিনিট। এই সময়ের মধ্যে দুটির একটিও ভালো করে শেষ করা সম্ভব নয়। প্রথম পালার পরীক্ষা শেষ হওয়ার পর পাঁচ মিনিটের ব্যবধানে দ্বিতীয় পালার পরীক্ষা শুরু হওয়ার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে খাতাপত্র গুছিয়ে লাইব্রেরিতে বুঝিয়ে দিয়ে আবার খাতা নিয়ে শ্রেণিকক্ষে এসে পরীক্ষা শুরু করা প্রায় অসম্ভব।
শিক্ষকদের অভিযোগের বিষয়ে জেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা বলেন, পরীক্ষার সময়সূচি করার আগে শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে। তখন দু-একজন ছাড়া কেউ দ্বিমত করেননি। কম সময়ের বিরতির বিষয়ে তিনি বলেন, আসলে প্রতি পরীক্ষা দুই ঘণ্টার হলেও দেড় ঘণ্টার মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যায়। প্রমাণ হিসেবে ওই শিক্ষা কর্মকর্তা এই প্রতিবেদককে পরীক্ষা শুরুর দিন কেন্দ্রে গিয়ে ঘুরে আসার পরামর্শ দেন।