প্রাথমিকে প্রধান শিক্ষকদের মর্যাদা বাড়লেও বেতন নিয়ে সন্তুষ্ট নন শিক্ষকেরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা এক ধাপ বাড়িয়ে দ্বিতীয় শ্রেণী এবং সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ও অনুমোদন দিয়েছে। তবে শিক্ষকদের অভিযোগ, বেতন স্কেল কম ধরা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদন দেয়। গতকাল বুধবার তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিপত্র অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদার পাশাপাশি তাদের বেতন স্কেল হবে প্রশিক্ষণপ্রাপ্তদের ৬,৪০০ টাকা (গ্রেড-১১)। বর্তমানে এটা ৫,৫০০ টাকা। প্রশিক্ষণবিহীনদের মূল বেতন স্কেল ধরা হয়েছে ৫,৯০০ (গ্রেড-১২) টাকা। বর্তমানে এটা ৫,২০০ টাকা।
সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রশিক্ষণপ্রাপ্তদের বিদ্যমান ৪,৯০০ থেকে বাড়িয়ে ৫,২০০ টাকা (গ্রেড-১৪) এবং প্রশিক্ষণবিহীনদের ৪,৭০০ থেকে বৃদ্ধি করে ৪,৯০০ টাকা (গ্রেড ১৫) করা হয়েছে।
একই সঙ্গে তিনটি শর্ত দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এগুলো হলো অর্থ বিভাগের অনুমতিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। দ্বিতীয় শ্রেণী হলে বর্তমান প্রধান শিক্ষকদের মধ্যে যাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়োগবিধি অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ নয়, তাঁদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রধান শিক্ষকদের নতুন নিয়োগ-পদোন্নতি সরকারি কর্মকমিশনের আওতাভুক্ত হবে।
তবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঢাকা মহানগর শাখার নেতারা গতকাল সভা করে বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী বেতন স্কেল না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। তাঁরা প্রধান শিক্ষকদের বেতন স্কেল আট হাজার এবং সহকারী শিক্ষকদের ছয় হাজার ৪০০ টাকা করার দাবি জানান। রাজধানীর গোড়ানে সমিতির অস্থায়ী কার্যালয়ে এই সভা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।