প্রাথমিকে বৃত্তি পেল ৫৪,৫৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গতকাল বুধবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে মেধাভিত্তিক (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ১৯ হাজার ৯৮০ জন আর সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৪৬৮ জন। এ ছাড়া সম্পূরক বৃত্তি পেয়েছে এক হাজার ৮২ জন। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে আছে। মেধাবৃত্তি পাওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ১১ হাজার ১২ জন এবং ছাত্র ১০ হাজার ৯৬৮ জন। আর সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ১৫ হাজার ৭৮২ জন এবং ছাত্র ১৫ হাজার ৬৮৬ জন।দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বৃত্তির তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। মন্ত্রী জানান, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬ হাজার নয়জন, চট্টগ্রামে ১১ হাজার ২১ জন, রাজশাহীতে সাত হাজার ৬৭৩ জন, খুলনায় ছয় হাজার ১৯৭ জন, রংপুরে পাঁচ হাজার ৯৮৮ জন, সিলেটে তিন হাজার ৮৩৬ জন এবং বরিশাল বিভাগে তিন হাজার ৮০৬ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) তালিকা দেখা যাবে।মন্ত্রী বলেন, গত সমাপনী পরীক্ষায় যেসব সরকারি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব বিদ্যালয়ের শিক্ষকদের বদলি করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৫০১ জনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর পরই আছে কিন্ডারগার্টেন। এখান থেকে বৃত্তি পেয়েছে ১০ হাজার ৫১৩ জন। সবচেয়ে কম বৃত্তি পেয়েছে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে। মাত্র আটজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব এম এম নিয়াজ উদ্দিন, অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ।