প্রাথমিকে বৃত্তির ফল ঘোষণা করা হবে ১৯ এপ্রিল। ওই দিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় গতকাল বুধবার এ কথা জানান। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করার সিদ্ধান্ত হয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে। বৃত্তির এই টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবার মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যা এত দিন ছিল ২২ হাজার। সাধারণ কোটায় পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা এত দিন পেত ৩৩ হাজার শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, এবার বৃত্তির টাকার পরিমাণও বাড়ানো হবে।