প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শিক্ষার জন্য ২২ জেলার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৭ জন। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৪৪ হাজার ১১২ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে টানানো হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।
উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ২২ অক্টোবরের মধ্যে স্ব-স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জানানো হবে।