চাঁদপুরের কচুয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের ১৪৪টি পদ চার-পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। এতে এসব বিদ্যালয়ে পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭১টি। এসব বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের মোট পদ ১ হাজার ১৯৪টি। এর মধ্যে প্রধান শিক্ষকের ১৭১ পদের মধ্যে ৬২ এবং সহকারী শিক্ষকের ১ হাজার ২৩ পদের মধ্যে ৮২টি শূন্য।
গত ২৪ নভেম্বর উপজেলার গুলবাহার, মাঝিগাছা, মধুপুর, আশরাফপুর, পইলতলী ও কোয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, একজন করে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষকের পদ খালি থাকায় সেখানে দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছির আলী বলেন, তাঁর বিদ্যালয়ে পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের চারটি পদও দীর্ঘদিন ধরে শূন্য। এ জন্য শিক্ষার্থীদের পাঠদান ও দাপ্তরিক কাজে গতি নেই। পাঠদান ছাড়াও দাপ্তরিক ও শিক্ষা কার্যালয়ের কাজে তাঁকে প্রায়ই দৌড়ঝাঁপ করতে হয়। এতে কোনো কাজই ভালোভাবে করা যায় না।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের পঞ্চম, চতুর্থ ও তৃতীয় শ্রেণির তিনজন শিক্ষার্থী বলে, ‘অনেক দিন ধইরা আমাগো স্কুলে প্রধান শিক্ষক ও কয়েকজন সহকারী শিক্ষক নাই। এলিগা ক্লাস ঠিকমতো অইতাছে না। লেহাপড়ায়ও সমস্যা হইতাছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মো. হেমায়েতুল ফারুক ভূঁইয়া বলেন, প্রধান ও সহকারী শিক্ষকের শূন্যপদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়ার কার্যক্রম চলছে। এ জন্য প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে বিলম্ব হচ্ছে। সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ হলে এসব শূন্যপদও পূরণ হবে। শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।