প্রাথমিকে সৃজনশীল কার্যকরভাবে বোঝেন না অর্ধেকের বেশি শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রাথমিক স্তরে সৃজনশীল পদ্ধতি চালু হলেও অর্ধেকের বেশি শিক্ষক এই পদ্ধতির বিষয়ে কার্যকরভাবে বোঝেন না। এর মধ্যে ১৩ শতাংশ একেবারেই বোঝেন না। ৪২ শতাংশ অল্পস্বল্প বোঝেন। বোঝেন মাত্র ৪৫ শতাংশ শিক্ষক।

রিসার্চ ফর অ্যাডভান্সমেন্ট অব কমপ্লিট এডুকেশন নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় এমনটাই বলা হয়েছে। রাজধানীর দৃক গ্যালারিতে আজ সোমবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ১৬টি জেলার ২১ বিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে গবেষণা প্রতিবেদনটি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রাপ্ত উপাত্ত থেকে জানা যায়, সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে ৪৭ শতাংশ শিক্ষক বাজারে প্রচলিত গাইড বইয়ের ওপর নির্ভর করেন। ৩৫ শতাংশ শিক্ষক তাঁদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন। ১৮ শতাংশ শিক্ষক নিজের জ্ঞান ও ধারণা থেকে শিক্ষার্থীদের পড়ান।

প্রতিবেদন অনুযায়ী, ২৫ শতাংশ শিক্ষক মনে করেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সৃজনশীল পদ্ধতি উপযুক্ত নন। ২০ ভাগ শিক্ষক মনে করেন, প্রচলিত পদ্ধতি আরও উন্নত করতে হবে। ৫৫ শতাংশ মনে করেন, সৃজনশীল পদ্ধতি কিছুটা কাজ করছে।

গবেষণা প্রতিবেদনে সৃজনশীল পদ্ধতির বিষয়ে শিক্ষার্থীদের অবস্থানও তুলে ধরা হয়। এতে বলা হয়, ৬৭ শতাংশ শিক্ষার্থী সৃজনশীল পদ্ধতি বোঝার জন্য গৃহশিক্ষকের সহায়তা নিচ্ছে। গৃহশিক্ষকের সহায়তা নিচ্ছে না ৩৩ ভাগ শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্রে ২৫ শতাংশ শিক্ষার্থী এই পদ্ধতির প্রশ্নপত্র বুঝতে পারে না। ৭৫ ভাগ শিক্ষার্থী তা বুঝতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে সার্বিকভাবে ৯২ ভাগ শিক্ষার্থী গাইড বইয়ের সাহায্য নেন। মাত্র আট ভাগ শিক্ষার্থী গাইড বই থেকে দূরে থাকে।

এ ছাড়া প্রতিবেদনে জানানো হয়, ৩৯ শতাংশ শিক্ষার্থী ইংরেজি এবং ৩৩ শতাংশ শিক্ষার্থী গণিতকে কঠিন বিষয় হিসেবে মনে করছে। বাংলাকে কঠিন মনে করছে তিন ভাগ শিক্ষার্থী।

গবেষণা প্রতিবেদনে পাঁচটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, বিশেষ ক্ষেত্রে দক্ষ শিক্ষক নিয়োগ, প্রশ্নপত্র তুলনামূলক সহজ করা ইত্যাদি।

গবেষণা প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ ফর অ্যাডভান্সমেন্ট অব কমপ্লিট এডুকেশনের সভাপতি মো. শরিফ উদ্দিন। বক্তব্য দেন গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ।