প্রাথমিকের অর্ধেকের বেশি শিক্ষক সৃজনশীল 'বোঝেন' না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রাথমিক স্তরে চালু হওয়া সৃজনশীল পদ্ধতি এখনো অর্ধেকের বেশি শিক্ষক কার্যকরভাবে বোঝেন না। তাঁদের মধ্যে ১৩ শতাংশ একেবারেই বোঝেন না। ৪২ শতাংশ অল্পস্বল্প বোঝেন। এই পদ্ধতি বোঝেন ৪৫ শতাংশ শিক্ষক। অন্যদিকে, সৃজনশীল পদ্ধতি বোঝার জন্য ৯২ শতাংশ শিক্ষার্থী গাইড বইয়ের সাহায্য নেয়।
গবেষণাটি করেছে রিসার্চ ফর অ্যাডভান্সমেন্ট অব কমপ্লিট এডুকেশন নামের গবেষণা প্রতিষ্ঠান। রাজধানীর দৃক গ্যালারিতে গতকাল সোমবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ১৬ জেলার ২১টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে গবেষণা প্রতিবেদনটি করা হয়েছে। অনুষ্ঠানে একাধিক আলোচক এত অল্পসংখ্যক নমুনা নিয়ে করা গবেষণাটি জাতীয়ভাবে বলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, গবেষণার পদ্ধতি মেনেই গবেষণাটি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত উপাত্ত থেকে জানা যায়, সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে ৪৭ শতাংশ শিক্ষক বাজারে প্রচলিত গাইড বইয়ের ওপর নির্ভর করেন। ৩৫ শতাংশ শিক্ষক তাঁদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন। ১৮ শতাংশ শিক্ষক নিজের জ্ঞান ও ধারণা থেকে শিক্ষার্থীদের পড়ান।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ শতাংশ শিক্ষক মনে করেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সৃজনশীল পদ্ধতি উপযুক্ত নয়। ২০ শতাংশ শিক্ষক মনে করেন, প্রচলিত পদ্ধতি আরও উন্নত করতে হবে। ৫৫ শতাংশ মনে করেন, সৃজনশীল পদ্ধতি কিছুটা কাজ করছে।
গবেষণা প্রতিবেদনে সৃজনশীল পদ্ধতির বিষয়ে শিক্ষার্থীদের অবস্থানও তুলে ধরা হয়। এতে বলা হয়, ৬৭ শতাংশ শিক্ষার্থী সৃজনশীল পদ্ধতি বোঝার জন্য গৃহশিক্ষকের সহায়তা নিচ্ছে। গৃহশিক্ষকের সহায়তা নিচ্ছে না ৩৩ শতাংশ। পরীক্ষাকেন্দ্রে ২৫ শতাংশ শিক্ষার্থী প্রশ্নপত্র বুঝতে পারে না। তবে ৭৫ শতাংশ শিক্ষার্থী বুঝতে পারে। সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে সার্বিকভাবে ৯২ শতাংশ শিক্ষার্থী গাইড বইয়ের সাহায্য নেয়। মাত্র আট শতাংশ শিক্ষার্থী গাইড বই থেকে দূরে থাকে। ৩৯ শতাংশ শিক্ষার্থী ইংরেজি এবং ৩৩ শতাংশ শিক্ষার্থী গণিতকে কঠিন বিষয় হিসেবে মনে করে। বাংলাকে কঠিন মনে করে মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী।
প্রতিবেদনে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, বিশেষ ক্ষেত্রে দক্ষ শিক্ষক নিয়োগ, প্রশ্নপত্র তুলনামূলক সহজ করাসহ পাঁচটি সুপারিশ তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ ফর অ্যাডভান্সমেন্ট অব কমপ্লিট এডুকেশনের প্রেসিডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্যে গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বিনা মূল্যের বই উৎসবের সমালোচনা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিদ্যালয়ে ক্লাস হলে কোচিংয়ে কেন যেতে হবে? একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এ মামুন বলেন, সৃজনশীলের নামে অসৃজনশীল ব্যবস্থা চালু করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সমকাল-এর নির্বাহী সম্পাদক মোস্তাফিজ শফি, নৃবিজ্ঞানী জহির উদ্দিন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের কর্মসূচি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।