কোমেনের প্রভাব এবং জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক জানান, ইতিমধ্যে রাঢ়িপাড়া, সমনডাঙ্গা, খাড়াইল, উত্তর ঘোনা, তালা মডেল, বিচয়ায়ন আদর্শ, দোহার মুড়াগাছা, দেওয়ানিপাড়া, নগরঘাটা রহমানিয়া, শার্শা দক্ষিণ, মোবারকপুর বিদ্যালয়সহ ৩২টি বিদ্যালয়ে গত শনিবার থেকে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল ২ থেকে ১০ আগস্টের মধ্যে। এরপরও পরীক্ষা নেওয়ার যাবে। তালার ৩২টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ এবং আরও ২০টি বিদ্যালয়ের চত্বর ও বারান্দায় পানি রয়েছে। এ জন্য সোমবার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তালা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।