প্রাথমিকের পাঠ্যবই কেজি দরে বিক্রি!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের বই মোড়ক খুলে কেজির দরে বিক্রি করে দিয়েছেন। উপজেলা শিক্ষা কার্যালয়ের গুদাম হিসাবে ব্যবহূত উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড কক্ষ থেকে গোপনে তিনি এই বই বিক্রি করেন। এলাকাবাসী জানান, বিক্রি করা বইয়ের পরিমাণ ২৫০ মণেরও বেশি, যার অধিকাংশ ২০১২ শিক্ষাবর্ষের। তবে এ জন্য তিনি উপজেলা শিক্ষা কমিটি কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক বাবরুল হাসান গতকাল শনিবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। কাগজের ঠোঙা ব্যবসায়ী সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের ময়না মিয়া ও বাবুল মিয়া জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বইয়ের ওপরের মোড়ক ছিঁড়ে ভেতরের অংশ প্রতি কেজি ১৫ দশমিক ২০ টাকা মূল্যে প্রায় ২৫০ মণ বই ক্রয় করেছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান দাবি করে বলেন, ‘আমি শিক্ষা কমিটির অনুমোদন নিয়ে এসব বই বিক্রি করেছি।’ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আনিসুল হক বলেন, শিক্ষা কর্মকর্তা এভাবে বই বিক্রি করতে পারেন না। শিক্ষা কমিটি তাঁকে বই বিক্রির অনুমতি দেয়নি। ইউএনও মুহামঞ্চদ আনোয়ার হোসেন বলেন, ‘বই বিক্রির সত্যতা পেয়েছি। রোববারের (১৬ ডিসেম্বর) পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’