প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ। এই দাবিসহ মোট পাঁচ দফা দাবিতে ১১ জুলাই থেকে কয়েক দিনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার। তাঁদের বাকি দাবির মধ্যে রয়েছে প্রধান শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা নিরসন, শিক্ষকদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা ইত্যাদি।
কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ও ১২ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কালো ব্যাজ ধারণ, ১৪ ও ১৫ জুলাই দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন, ১৮ জুলাই ঢাকায় মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।